চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সঙ্গে জড়িত অন্তত ২০ জনকে আটক করেছে যৌথ বাহিনী। এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি ফজলুল কাদের।
মঙ্গলবার বিকালে ঘটনাটি ঘটার পর থেকে মধ্যরাত পর্যন্ত নগরীর পাথরঘাটা মাথার পট্টি, আন্দরকিল্লা, এবং হাজারী গলি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে তার সমর্থক, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিক্ষুব্ধ জনতার মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষের এক পর্যায়ে তরুণ আইনজীবী সাইফুল ইসলামকে একটি গলির মধ্যে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।
দিনভর সংঘর্ষের পর রাত ১০টার পর থেকে নগরজুড়ে যৌথ বাহিনীর অভিযান চলছে। তবে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনায় পুলিশ জানায় যে, এখনও পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন জানিয়েছেন, নিহত আইনজীবী সাইফুলের ময়নাতদন্ত বুধবার সকাল সাড়ে ৮টায় সম্পন্ন হবে। এরপর সকাল ১০টায় আদালত প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে তার দ্বিতীয় দফা জানাজা এবং বাদ আসর তার গ্রামের বাড়ি লোহাগাড়ায় তৃতীয় দফা জানাজা অনুষ্ঠিত হবে।
এদিকে বুধবার ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানির কথা থাকলেও তরুণ আইনজীবী সাইফুল হত্যাকারীদের বিচারের দাবিতে জেলা আইনজীবী সমিতি আদালত বর্জনের সিদ্ধান্ত নিয়েছে।
0 মন্তব্যসমূহ